লালমোহনে শেষ হলো মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ
- আপলোডের সময় : Tuesday, November 18, 2025,

লালমোহনে শেষ হলো মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ
ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলার বীর বিক্রম স্টেডিয়ামে পর্দা নামলো মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। রোমাঞ্চকর ফাইনালে ট্রাইবেকারে ধলীগৌরনগর ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেই জয় নিশ্চিত করে ফরাজগঞ্জ একাদশ।
ফাইনাল খেলাটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন ভোলা-৩ আসনের বিএনপির ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক পাট, পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দর্শকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিগত আওয়ামী শাসনামলে ভোলা-৩ আসনের যুবকদের খেলাধুলা থেকে দূরে রেখে অন্যায় ও মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনতে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে।”
পরে বিজয়ী ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সফলভাবে টুর্নামেন্ট পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও এমন টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তিনি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।