লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুলের মৃত্যুদণ্ড
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী আতিকুলের মৃত্যুদণ্ড
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি : মোঃ রেজাউল করিম
লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মো. আতিকুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আতিকুল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
নিহত গৃহবধূ মোছা. মিতু আক্তার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্দা ইউনিয়নের গোকুন্দা দাড়ারপাড় মুন্সিটারী এলাকার বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতিকুল ইসলাম একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আদালতের নথি ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আতিকুলের সঙ্গে মিতু আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে আতিকুলের বিরুদ্ধে।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের একপর্যায়ে মিতুকে গালিগালাজ করেন আতিকুল। ওই রাতে আতিকুল কাজের উদ্দেশ্যে পাবনা যেতে চাইলে মিতু এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আতিকুল মিতুর মাথা ও মুখে কিল-ঘুষি মারেন। পরে ঘরের উঠানে থাকা একটি শক্ত প্লাস্টিকের পাইপ দিয়ে তাকে মারধর করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মিতুর মৃত্যু হয়। ঘটনার পর আতিকুল এলাকা ছেড়ে পালিয়ে যান।
পরদিন ২১ সেপ্টেম্বর সকালে নিহতের পাঁচ মাস বয়সী শিশুসন্তান আতিকা আক্তারের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে গিয়ে মিতুর নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বাবা মো. ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ৪ জুলাই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সামসুল আলম মিলন বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে উপযুক্ত বিচার নিশ্চিত করেছেন। এ রায়ের মাধ্যমে নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা যাবে।
তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে আসামির মৃত্যুদণ্ড কার্যকর হবে। তবে দণ্ডপ্রাপ্ত আসামি সংক্ষুব্ধ পক্ষ হিসেবে আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন। আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন নিহত মিতুর পরিবারের সদস্যরাও।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।