
লালমনিরহাট (বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল করিম):
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত ভাইভা পরীক্ষার সঙ্গে লিখিত পরীক্ষার ফলাফল অমিল পাওয়ায় তিন পরীক্ষার্থীকে সদর থানায় তদন্তের জন্য সোপর্দ করা হয়েছে।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) ৩৭টি পদের (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) জন্য ১১৬ জন পরীক্ষার্থীর ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা চলাকালে তিনজন পরীক্ষার্থীর লিখিত ও মৌখিক পারফরম্যান্সে স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়।
আটক পরীক্ষার্থীরা হলেন—
কাকিনা গ্রামের সোহাগী খাতুন,
ভেলাগুড়ি ইউনিয়নের মো. রায়হান,
রাজপুর ইউনিয়নের লীপন কান্তি রায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে ওই তিনটি ক্যাটাগরির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।