
লামা উপজেলা প্রতিনিধি: আজিজুল হাকিম তুহিন
বান্দরবানের লামা উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। আগামী ১০ মার্চ (মঙ্গলবার) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে। ৯ মার্চ লামা বাজার পরিদর্শনে আসেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি ও আয়োজন নিয়ে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ও লামা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
স্থানীয়রা আশা করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে লামা উপজেলার অসহায় ও নিম্ন আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা পাবে।