
শরিফ আহম্মেদ, লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মিনাল চাকমা, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান, উপজেলা কৃষি কর্মকর্তা আল-আমিন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এরপর লাকসাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে সেখানে পুনরায় পুরস্কার বিতরণ করা হয়।
সার্বিকভাবে দিনটি ছিল উৎসবমুখর, যেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্বাধীনতার চেতনা নতুনভাবে উজ্জীবিত হয়।