
জামাল উদ্দিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের বিএনপি তৃণমূল কর্মীরা সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা’র বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। বীথিকা বিনতে হোসাইন সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের বাসিন্দা।
মরহুম শফিউল বারী বাবু ছিলেন ফ্যাসিবাদী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের দৃঢ় কণ্ঠস্বর। তিনি রাজপথে ‘আমার নেত্রী, আমার মা বন্দী হতে পারে না’ স্লোগানটি দিয়ে সমগ্র বিশ্বে আলোচিত হয়েছিলেন। জীবনের অধিকাংশ সময় তাকে আত্মগোপন অথবা কারাগারে থাকতে হয়েছে, পুলিশি নির্যাতন ও রিমান্ডও সহ্য করতে হয়েছে।
বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে উঠে আসা একজন সাহসী নেতা। তিনি প্রতিষ্ঠা করেছেন মানবিক সংগঠন “অর্পণ আলোক সংঘ”। শফিউল বারী বাবুর কর্মী ও সমর্থকদের সহায়তায় এবং দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি কর্মীদের পাশে থেকে তিনি অর্থনৈতিক ও মানসিক সহায়তা প্রদান করেছেন। ২৪ জুলাই আহত বা মৃত্যুবরণকারী পরিবারগুলোর পাশে থেকেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।
লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণ এবং তার শুভাকাঙ্ক্ষীরা তাকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন। বীথিকা বিনতে হোসাইন যদি দল থেকে যথাযথ মূল্যায়ন পান, তাহলে উপকূলীয় জনপদের উন্নয়ন হবে এবং মরহুম শফিউল বারী বাবুর স্বপ্নও পূরণ হবে।
জনপদের মানুষ আশা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন।