রূপগঞ্জের আগামী প্রজন্মের জন্য সবুজায়নের উদ্যোগ
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

রূপগঞ্জের আগামী প্রজন্মের জন্য সবুজায়নের উদ্যোগ
সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা ইসলামী যুব সংঘ। ‘সবুজের ছোঁয়ায় গড়ি সুন্দর আগামী’ স্লোগানে রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলা সদরের থানা ভবনসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ ৬ সমাজের সামাজিক কবরস্থান, ঈদগাহ মাঠ ও রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এ সময় উপস্থিত থেকে তাঁদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি বলেন, ইসলাম পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দিয়েছে। গাছ লাগানো একটি কল্যাণকর কাজ। গাছের মাধ্যমে মানুষ, পশুপাখি ও পরিবেশ উপকৃত হয়। তাই নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আলোর কাফেলার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড সমাজের অন্যদেরও পরিবেশ রক্ষা ও মানবিক কাজে উৎসাহিত করবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।