রুমায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা প্রস্তুতি
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

রুমায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা প্রস্তুতি
সুকেল তঞ্চঙ্গ্যা
স্টাফ রিপোর্টার, বান্দরবান, আমার সকাল ২৪
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের তংমক পাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণ ও জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্তরা হলেন—ক্যহ্লাচিং মারমার ছেলে ক্যসিংনু মারমা, ঞোচিংঅং মারমার ছেলে উহাইমং মারমা, মংচ মারমার ছেলে সিংহ্লা মারমা এবং মৃত মংচহ্লা মারমার ছেলে উশৈনু মারমা।
ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, প্রথমে ক্যসিংনু মারমা তাকে ধর্ষণ করেন। পরদিন উহাইমং মারমা ও সিংহ্লা মারমা এবং পরবর্তীতে উশৈনু মারমা তাকে ধর্ষণ করেন। উশৈনু মারমার একটি সন্তান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কিশোরীর ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় চার মাস পর উহাইমং মারমা তাকে গর্ভপাতের ওষুধ দেন। ওষুধ সেবনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে প্রকাশ পায়। পরে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বান্দরবানে পাঠানো হয়।
পরিবারের দাবি, গত ৮ সেপ্টেম্বর তারা ঘটনাটি জানতে পারেন। পরে হাসপাতালে চিকিৎসার সময় কিশোরীর গর্ভধারণ ও পরবর্তী শারীরিক জটিলতার বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায় বলে তারা জানান। পাড়াবাসীর কাছ থেকেও তারা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মংছো মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি অবগত আছেন। তবে ভুক্তভোগীর পরিবার বা স্বজনদের পক্ষ থেকে তাকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এদিকে, আইনগত ব্যবস্থা নিতে কিশোরীর বাবা গত ১২ সেপ্টেম্বর রুমা থানায় গিয়ে মামলা করার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, প্রায় দুই দিন আগে রুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ফোনে বিষয়টি জানতে পেরেছেন। তবে ভুক্তভোগী কিশোরী বা তার পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। লিখিত অভিযোগ বা মামলা পেলে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।