
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রায়পুরে দুই ব্যক্তিকে অপহরণ, মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগে দৈনিক কালবেলা-এর রায়পুর উপজেলা প্রতিনিধি মাজেদ হোসেন ও সাগর নামে আরও একজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের বাসিন্দা মহিউর গাজী ও একই এলাকার মোস্তফা ঢালীকে রায়পুরের নতুন বাজার খেজুরতলা এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের রায়পুর সরকারি হাসপাতালের মাঠে আটকে রেখে মারধর করা হয়। এ সময় পরিবারের কাছে প্রথমে ২ লাখ টাকা এবং পরে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী ও ভুক্তভোগী মহিউর গাজীর ছেলে দেলোয়ার মিয়া অভিযোগ করেন, অপহরণকারীরা মোবাইল ফোনে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেয়। পরে পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠানো হয়। বিষয়টি রায়পুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে মাগরিবের পর দুই ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গত রোববার (৫ জুলাই) দেলোয়ার মিয়া বাদী হয়ে রায়পুর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার তদন্তে অর্থ লেনদেনের বিষয়ে স্থানীয় এক বিকাশ এজেন্ট রাশেদ দাবি করেন, সাংবাদিক মাজেদ তার কাছ থেকে একটি এজেন্ট নম্বর নিয়ে জানিয়েছিলেন, সেখানে ৭০ হাজার টাকা আসবে। তবে পরে ওই নম্বরে ৫ হাজার টাকা আসে এবং মাজেদ নিজেই এসে সেই টাকা উত্তোলন করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাজেদ হোসেন বলেন, “ঘটনার সত্যতা আছে। বিপদ আসলে যেমন হয়, এখন আমারও তেমন পরিস্থিতি হয়েছে।”
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, মাজেদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের কোনো রায় বা আইনগত নিষ্পত্তির তথ্য পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।