রায়পুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইলের তথ্য মুছে ফেলার অভিযোগ
প্রতিনিধির নাম:
আপলোডের সময় :
মঙ্গলবার, জুন ২, ২০২৬,
রায়পুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইলের তথ্য মুছে ফেলার অভিযোগ
রায়পুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইলের তথ্য মুছে ফেলার অভিযোগ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ও তথ্য মুছে ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুল আহাদ, দৈনিক ‘আমার সকাল’ পত্রিকা ও অনলাইন গণমাধ্যম ‘প্রজন্ম ২৪’-এর প্রতিনিধি। তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে ২০-২৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় এবং মারধর করে।
তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁকে মারধর করা হয় এবং পরে তাঁর মোবাইল ফোন নিয়ে গিয়ে সংরক্ষিত ভিডিও ও প্রয়োজনীয় তথ্য মুছে ফেলা হয়।
ঘটনার পর তিনি আহত অবস্থায় চিকিৎসা নেন এবং পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট সাংবাদিক নেতাদেরও অবহিত করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শনাক্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তাঁরা।