রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক প্রয়াণ
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক প্রয়াণ
পুলিশ লাইন্সে প্রথম জানাজা ও গার্ড অব অনার সম্পন্ন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: আরিফ হাসান গজনবী
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশীদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল।
বুধবার ভোর থেকেই শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন ওসি শেখ রাজীব আল রশীদ। রাতে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাঁকে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ কর্মকর্তা, সহকর্মী, স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।
পরে তাঁর মরদেহ নিজ বাড়ি রূপসা থানার অন্তর্গত আইচগাতিতে নেওয়া হয়। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বঙ্গবন্ধু কলেজের পাশে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শেখ রাজীব আল রশীদ গত ৮ মে ২০২৬ রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে রামপাল থানা পুলিশ, সহকর্মী, স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।