রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা
আরিফ হাসান গজনবী
আপলোডের সময় :
Monday, June 8, 2026,
রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা
রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা
আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি | ৮ জুন ২০২৬
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার (৮ জুন) সকালে রামপাল উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং সবুজায়ন বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর (এক্সটারনাল এনগেজমেন্ট, ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড আরবান লাইভলিহুড) রুহুল আমিন সরকার, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার (ইন্টিগ্রেটেড লাইভলিহুড) মো. রুহুল আমিন এবং রামপাল এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিবেশবান্ধব কর্মকাণ্ড জোরদার করতে হবে। বিশেষ করে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিজ তামান্না ফেরদৌসি বলেন, “পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। এটি শুধু সরকারি কর্মসূচি নয়, বরং প্রতিটি নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশবান্ধব ও বাসযোগ্য রামপাল গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় রামপাল উপজেলার ১ হাজার পরিবারের মধ্যে পাঁচটি করে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হবে। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চলতি বছরে দেশব্যাপী প্রায় ১৫ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে।
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।