
আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন প্রিন্স (৪০) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মনির হোসেন প্রিন্স উপজেলার সদর ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রামপাল থানা পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনির হোসেন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মনির হোসেন প্রিন্স বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।