
মোঃ শাকিল আহামাদ
রাজশাহী ::
রাজশাহী অঞ্চলে শিল্পায়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত রাজশাহী–২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নগরীর পশ্চিম বুধপাড়া, কড়ইতলা মোড় ও বউ বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহী ঐতিহ্যবাহী শিক্ষা নগরী হলেও বর্তমানে এটি বেকারত্বের নগরীতে পরিণত হয়েছে। প্রতিবছর হাজার হাজার শিক্ষিত তরুণ বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক ইপিজেড থাকলেও রাজশাহী অঞ্চলে একটি ইপিজেডও না থাকা অত্যন্ত হতাশাজনক।
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে দ্রুত ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হবে। বিসিক শিল্পনগরী প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত উদ্যোক্তারা সেখানে সময়মতো প্লট বরাদ্দ পাচ্ছেন না। বিসিককে কার্যকর করার পাশাপাশি রাজশাহীর হাইটেক পার্ককে উৎপাদনমুখী শিল্প কেন্দ্রে রূপান্তরের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে ডা. জাহাঙ্গীর বলেন, প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা গেলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকা কিংবা বিদেশে যেতে হবে না। তিনি জানান, রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন নির্মাণ সম্পন্ন হলেও জনবল সংকটের কারণে তা এখনো চালু হয়নি। প্রয়োজনে জামায়াতে ইসলামীর চিকিৎসকরা বিনা পারিশ্রমিকে সেখানে সেবা দিতে প্রস্তুত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া রাজশাহীতে নতুন একটি সদর হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নামে থাকা প্রায় নয় বিঘা জমিতে অবস্থিত পুরনো আলজ হোস্টেল অপসারণ করে সেখানে আধুনিক হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ হাসপাতাল চালু হলে নগরী ও আশপাশের এলাকার মানুষ ঘরের কাছেই উন্নত চিকিৎসাসেবা পাবে।
ডা. জাহাঙ্গীর আরও বলেন, রাজশাহীতে নির্মাণাধীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শেষ করে তা কার্যকর করতে হবে। এতে একদিকে দক্ষ চিকিৎসক তৈরি হবে, অন্যদিকে আধুনিক হাসপাতাল সেবাও চালু হবে। বেসরকারি স্বাস্থ্যসেবার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি দাবি করেন, রাজশাহী অঞ্চলের উন্নয়নে বরাদ্দকৃত বাজেট বর্তমানের তুলনায় ছয় থেকে আট গুণ বাড়ানো প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজশাহীতে শিল্পায়ন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। বউ বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার ইসলাম বলেন, “আমরা পরিবর্তন চাই, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতে রাজশাহীর দায়িত্ব দেখতে চাই।” বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী সুলতানা পারভিন বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই যারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবে এবং নৈতিক মূল্যবোধ রক্ষা করবে।” গণসংযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।