
রাজধানীসহ সারা দেশে আরও দুই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রায় সব এলাকাতেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টি।
শুক্রবার (১০ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, গত কয়েক দিন ধরে দেশে যে বৃষ্টি হচ্ছে, তার পেছনে প্রথমে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ছিল। তবে নিম্নচাপটি দুর্বল হয়ে চলে যাওয়ার পর বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। সাধারণত ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিকে ভারী বৃষ্টি এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানীতে শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টি থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।
এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ ছয় জেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি এলাকায় এখনো পানি জমে আছে। রেলপথে পানি থাকায় শুক্রবার পর্যন্ত কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।