রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্রধারী যুবকের প্রবেশ, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
- আপলোডের সময় : Monday, September 28, 2026,

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেসে অস্ত্রধারী যুবকের প্রবেশ, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক নারী শিক্ষার্থীর মেসে অজ্ঞাত এক যুবকের প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে যুবকের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে শাহজাদপুর পৌর এলাকার একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী অনিকা তাবাসসুম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।
মেসের অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাত এক যুবক ধারালো অস্ত্র হাতে অনিকার কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে ওই যুবক অনৈতিক উদ্দেশ্যে এগিয়ে এলে অনিকা বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।
অনিকার চিৎকার ও প্রতিরোধের মুখে ওই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি করা হয়েছে। ধস্তাধস্তির ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর দেওয়া বিবরণ ও আটক ব্যক্তির চেহারার মধ্যে মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শাহজাদপুর থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর দেওয়া বর্ণনার ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার এবং ছাত্রী মেস এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে রয়েছে তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।