যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- আপলোডের সময় : Friday, August 14, 2026,

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাব দেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, এ ধরনের সামরিক তৎপরতা পিয়ংইয়ংয়ের নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলচি ফ্রিডম শিল্ড’ নামে বড় পরিসরের যৌথ সামরিক মহড়া আগামী ১৭ আগস্ট শুরু হওয়ার কথা। এতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাতিসংঘ কমান্ডের সদস্য দেশগুলোর কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মী অংশ নেবেন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, মহড়ায় মাঠপর্যায়ের সামরিক অভিযানের পাশাপাশি ড্রোন, ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে। আধুনিক যুদ্ধ পরিস্থিতির অনুকরণে এসব মহড়া পরিচালিত হবে বলেও দাবি করা হয়েছে।
ওয়াশিংটন ও সিউল এই মহড়াকে নিয়মিত ও প্রতিরক্ষামূলক কার্যক্রম হিসেবে বর্ণনা করলেও উত্তর কোরিয়া তা প্রত্যাখ্যান করেছে। পিয়ংইয়ংয়ের দাবি, এটি একটি ‘আগ্রাসী যুদ্ধের মহড়া’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং এ অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কৌশলের পরিবর্তন কোরীয় উপদ্বীপে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, নতুন মাত্রার হুমকির জবাব নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতার মাধ্যমে দেওয়া হবে, যা তাদের নিরাপত্তা নীতির ধারাবাহিক অবস্থানেরই অংশ।










