ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের কক্ষের তালা খুলে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের উপস্থিতিতে মামলার বাদী ও দুই সাক্ষীকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করা হয়। পরে মামলার তদন্তের অংশ হিসেবে সেখানে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, তদন্ত কর্মকর্তার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে মামলার বাদী ও দুই সাক্ষীকে সঙ্গে নিয়ে উপাচার্যের কক্ষে প্রবেশ করা হয়েছে। প্রতিষ্ঠানের নির্ধারিত প্রটোকল মেনে সাক্ষীদের উপস্থিতিতে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ মুহূর্তে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নেই।
তালা খোলার সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লেমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে তার বাসা থেকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে পৌঁছে দেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম আলোচনায় আসে। পরে দলীয়ভাবে বিষয়টি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনা এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারা উপাচার্যকে বাসা থেকে নিয়ে এসে অফিসে পৌঁছে দিয়েছেন।
জনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলার কথা ছিল। এ কাজে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রশাসনকে সহযোগিতা করেছেন।
তিনি দাবি করেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা জবরদখলের মতো কর্মকাণ্ডকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন আশ্রয়-প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন শিবলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লেমন, সিনিয়র সহসভাপতি আবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। পরে তারা উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করান বলে অভিযোগ ওঠে। এরপর উপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে মামলা হওয়ার পর তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই কক্ষের তালা খোলা হয়। মামলার বাদী ও দুই সাক্ষীর উপস্থিতিতে কক্ষে প্রবেশ করে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেন সংশ্লিষ্টরা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।