মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

মেসি-লেভানডভস্কির লড়াই ড্র, সুযোগ হারাল মায়ামি
লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কি—ইউরোপিয়ান ফুটবলে একসময় দাপট দেখানো দুই তারকা। এখন দুজনই খেলছেন মেজর লিগ সকারে (এমএলএস)। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি ও লেভানডভস্কির শিকাগো ফায়ার। তারকাদ্বয়ের লড়াই দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয় রেকর্ডসংখ্যক ৬৩ হাজার ৯৪ জন দর্শক।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। ম্যাচে দুই দলের হয়ে গোলের সঙ্গে অবদান রেখেছেন মেসি ও লেভানডভস্কি।
ঘরের মাঠে শুরুটা দুর্দান্ত করে শিকাগো ফায়ার। ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন পোলিশ তারকা লেভানডভস্কি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি। শেষ পর্যন্ত মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান ক্যাসেমিরো।
এই গোলে সহায়তা করে চলতি মৌসুমে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। পাশাপাশি তিনি করেছেন ১৮ গোল। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন মৌসুমে ৩০টির বেশি গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন মেসি।
ম্যাচের শেষ দিকে জয়ের সুযোগ তৈরি করেছিল মায়ামি। তবে শিকাগো ফায়ারের গোলরক্ষক ক্রিস ব্র্যাডি দুর্দান্ত পারফরম্যান্সে দলকে রক্ষা করেন। পুরো ম্যাচে ছয়টি সেভ করে মায়ামির আক্রমণভাগকে আটকে দেন তিনি।
ম্যাচ শেষে শিকাগোর গোলরক্ষকের প্রশংসা করেছেন মায়ামি কোচ গিলের্মো হয়োস। তিনি বলেন, আক্রমণভাগ নিয়ে তার কোনো সমস্যা নেই; ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন শিকাগোর গোলরক্ষক। মায়ামি কোচ আরও বলেন, দল বিভিন্ন জায়গা থেকে সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষক নিজের কাজটি খুব ভালোভাবে করেছেন।
এই ড্রয়ে শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সঙ্গে মায়ামির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৯। ২৪ ম্যাচে ন্যাশভিলের পয়েন্ট ৫৩, আর মায়ামির ৪৪। মায়ামির ম্যাচের আগে টরন্টো এফসির কাছে ন্যাশভিল হেরে যাওয়ায় ব্যবধান কমানোর বড় সুযোগ পেয়েছিল মেসির দল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
আগামী ১৩ সেপ্টেম্বর ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যাচটি মেসিদের জন্য কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে। আগস্টের শুরু থেকে সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। এর মধ্যে দুটি ড্র ও চারটি হার রয়েছে।
তবু বড় লক্ষ্য নিয়েই এগোচ্ছে মায়ামি। ২০১১-১২ মৌসুমের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুই মৌসুম এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রয়েছে তাদের।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।