মেসির ১০ নম্বর জার্সির দাবিদার হিসেবে নিকো পাজকে দেখছেন কোমোর স্পোর্টিং ডিরেক্টর
- আপলোডের সময় : Thursday, October 8, 2026,

মেসির ১০ নম্বর জার্সির দাবিদার হিসেবে নিকো পাজকে দেখছেন কোমোর স্পোর্টিং ডিরেক্টর
ক্রীড়া ডেস্ক
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। তার বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতালিয়ান ক্লাব কোমোর স্পোর্টিং ডিরেক্টর কার্লালবের্তো লুদি মনে করেন, তরুণ মিডফিল্ডার নিকো পাজ এই জার্সির অন্যতম দাবিদার।
বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিদায়ী ম্যাচেও নিজের চেনা ছন্দে ছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারে আরও একটি গোল যোগ করেন তিনি।
মেসির অবসরের পর থেকেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন নিকো পাজ। মেসির সঙ্গে একই মাঠে খেলার পাশাপাশি গোলও করেন এই তরুণ ফুটবলার।
পাজের পারফরম্যান্সে সন্তুষ্ট কোমোর স্পোর্টিং ডিরেক্টর কার্লালবের্তো লুদি। স্কাই স্পোর্টস ইতালিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কঠোর পরিশ্রম এবং মেধা—দুই দিক থেকেই নিকো পাজ বিশ্বমানের। সে জানে, একজন ফুটবলারকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। তবে ওই পজিশনটি নিজের করে নেওয়ার মতো সব গুণই তার মধ্যে আছে। আমি তার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
লুদি আরও বলেন, মেসির মতো একজন কিংবদন্তির শূন্যস্থান পূরণ করা অত্যন্ত কঠিন। তবে আর্জেন্টিনার নতুন প্রজন্মে দলকে এগিয়ে নেওয়ার মতো বেশ কয়েকজন প্রতিভাবান আক্রমণাত্মক খেলোয়াড় রয়েছেন।
কোমোর এই কর্মকর্তা মনে করেন, পাজের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ক্লাব ফুটবলে ধারাবাহিকতা ধরে রাখা। আর্জেন্টিনা জাতীয় দলে নিজের জায়গা স্থায়ী করতে হলে নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ করে যেতে হবে এই তরুণ প্লে-মেকারকে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।