
মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি
চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড; আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা জোরালো
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের স্বস্তির খবর পেয়েছে সুইজারল্যান্ড। হাঁটুর চোটের কারণে শেষ ষোলোর ম্যাচে খেলতে না পারা দলের তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। যদিও এখনই তার খেলা নিশ্চিত নয়, তবে সুইস কোচিং স্টাফ আশাবাদী—গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার মতো অবস্থায় পৌঁছে যেতে পারেন তিনি।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচকে সামনে রেখে সুইস শিবিরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় মানজাম্বির ফিটনেস। অন্যদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মিশরের বিপক্ষে জয় পাওয়া দলের মূল কাঠামোই ধরে রাখার পরিকল্পনা করছেন।
ফ্রাইবুর্গের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মানজাম্বি। আগামী মৌসুমে ইংলিশ ক্লাব নিউক্যাসলে তার যোগ দেওয়ার সম্ভাবনাও জোরালো। তবে বিশ্বকাপে হাঁটুর চোটে পড়ায় বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড।
কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে শেষ অনুশীলনে হাঁটুতে চোট পান মানজাম্বি। এরপর থেকে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্যেই রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। তবে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন।
মানজাম্বির খেলার সম্ভাবনা নিয়ে ইয়াকিন বলেন, “চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে যদি তা যৌক্তিক হয়, তবেই সে খেলবে।”