মুন্সিগঞ্জের বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
মোঃ দুলাল সরকার গজারিয়া, মুন্সিগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক ও নারীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া স্ট্যান্ড থেকে শুরু করে আশপাশের এলাকায় সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পরিচিতি তুলে ধরে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বলেন, বিএনপির হাত ধরেই খেটে খাওয়া কৃষক ও নারীদের ভাগ্যোন্নয়ন সম্ভব হবে। তাদের উন্নয়নের মধ্য দিয়েই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনর রশীদ, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু। আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারি, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভি, যুবদলের সদস্য দুলাল সরকার, নাসিম ওয়াসিম, মোকলেস দেওয়ান, মো. শাহ আলম, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মাসুম রানা, মো. রনিসহ শতাধিক নেতাকর্মী।













