
মো: আমির হামজা, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের প্রবাসী কবির হোসেন মালয়েশিয়ায় কাজের সময় দুবৃত্তদের হামলায় নিহত হয়েছেন। দীর্ঘদিন সংসারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমান কবির হোসেন একটি শিল্পকারখানায় গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া যান তিনি। সম্প্রতি ছুটিতে দেশে এসে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান। আগামী ১ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল তার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে মালয়েশিয়ার চামান্ডা উতিরাম এলাকায় কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুবৃত্তদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন কবির হোসেন। তাঁর মৃত্যু সংবাদ পৌঁছালে পরিবার ও আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।
নিহত কবির হোসেন স্ত্রী শিউলী বেগম ও একমাত্র ছেলে সোহান হোসেনকে রেখে গেছেন। নিহতের পরিবার দ্রুত বিচার এবং লাশ দেশে পাঠানোর দাবি জানিয়েছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন শোকাহত পরিবারের পাশে থাকবে।”
প্রবাসে কবির হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।