
ঝুমুরী আক্তার সন্ধ্যা মাদারীপুর প্রতিনিধি:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের পাশের দত্তপাড়া ইউনিয়নে অবস্থিত ইলিয়াস আহ্মেদ চৌধুরী কলেজ জামে মসজিদ নান্দনিক স্থাপত্য ও কারুকাজের জন্য দৃষ্টি আকর্ষণ করছে।
মসজিদটি প্রায় তিন বছর সময় নিয়ে নির্মিত হয় এবং ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। ২৫ ফুট উচ্চতার গম্বুজ ও প্রশস্ত ছাদের কারণে ভেতরে রয়েছে শীতল ও আরামদায়ক পরিবেশ।
মসজিদের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি করতে চীন থেকে আনা ১২ ফুট দৈর্ঘ্যের আট পাখাবিশিষ্ট বৈদ্যুতিক ফ্যান এবং তুরস্ক থেকে আনা ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে। বড় জানালার কারণে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করে, যা নামাজের পরিবেশকে আরও মনোরম করে।
প্রতি শুক্রবার জুমার নামাজ ও পবিত্র রমজান মাসে খতমে তারাবি অনুষ্ঠিত হয় এখানে, যেখানে দূর-দূরান্ত থেকে মুসল্লি সমবেত হন। সন্ধ্যার পর আলোকসজ্জা মসজিদটিকে এক অনন্য সৌন্দর্যের আবহ দেয়।
মসজিদটির নির্মাণে অর্থায়ন করেছেন সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ও তাঁর পরিবার। বর্তমানে এখানে একজন ইমাম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেম নিয়োজিত।
স্থানীয়রা জানান, মসজিদের নান্দনিক পরিবেশ ও স্থাপত্যশৈলীর কারণে নামাজ আদায়ে ভিন্নধর্মী প্রশান্তি অনুভূত হয়।