
মো. সুমন মাদব্বর
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মো. সুমন মাদব্বর
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ নানা কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। একই সময়ে সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন সংগঠন র্যালি বের করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক হাতির বাগান মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও গার্লস গাইডের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্তাকর্ষক ডিসপ্লে পরিবেশিত হয়। শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।