
শাহিন আলম হৃদয়
বিশেষ প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা-এ দীর্ঘ আইনি লড়াই ও টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে আদালতের রায়ে নিজের পৈতৃক জমি ফিরে পেয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিক মাস্টার।
জানা গেছে, উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় অবস্থিত রফিক মাস্টারের দাদার আমলের পৈতৃক সম্পত্তিটি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রতিপক্ষ গ্রুপ কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জোরপূর্বক দখল করে রেখেছিল। জমিটি উদ্ধারে তিনি দীর্ঘ সময় ধরে আদালতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।
অবশেষে আদালতের চূড়ান্ত নির্দেশনার পর মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে রফিক মাস্টারকে জমিটির পূর্ণ দখল বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রফিক মাস্টার ও তাঁর পরিবারের সদস্যরা। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।