মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের কারণে সন্তানরা আসক্ত হয়ে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদক কারবারি ও মাদকসেবীরা সমাজের শত্রু। যেকোনো মূল্যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী মাদকের সঙ্গে কোনো আপস নেই। তাই মরণব্যাধি ও সমাজবিধ্বংসী মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের জীবনকে বিকশিত করতে হবে। তোমরা এ দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠলে দেশও উন্নত হবে। নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাইবার অপরাধ থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি সব ধরনের সামাজিক অপরাধ থেকে নিজেদের রক্ষা করা তোমাদের নৈতিক দায়িত্ব।
রোববার আত্রাই থানা আয়োজিত ‘মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনসহ অনেকে।
সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল ও আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এর আগে এমপি শেখ রেজাউল ইসলাম রেজু নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাণীনগর ও আত্রাই অংশে নিজস্ব অর্থায়নে নির্মিত দুটি পুলিশ বক্স উদ্বোধন করেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।