মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
- আপলোডের সময় : Saturday, October 10, 2026,

মাদকের আসর থেকে আটক এএসআই সাময়িক বরখাস্ত
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হওয়ার পর থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠা এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানের সময় তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি এবং তিনি ছুটিতে ছিলেন। তবে অভিযানে আটকের পর তাকে থানার ওসির জিম্মায় ছেড়ে দেওয়া এবং পরে থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।
তিনি জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এএসআই দেলোয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।
সুশান্ত সরকার বলেন, দেলোয়ার হোসেন ছুটিতে ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তাই তার পালিয়ে যাওয়ার বিষয়টি যেভাবে বলা হচ্ছে, তা ভুল বোঝাবুঝি।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দেলোয়ার হোসেন গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের বিষয়টি জানার পরপরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বসতঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এএসআই দেলোয়ার হোসেনসহ চারজনকে আটক করা হয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন অভিযানে অংশ নেওয়া সদস্যরা।
অভিযোগ রয়েছে, দেলোয়ারের পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে তাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান বলে জানা গেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।