
আল নাহিয়ান আবিদ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার প্রস্তাবিত উপজেলা কমপ্লেক্স ভবন, এসি ল্যান্ড ভবন, থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য সরকারি স্থাপনার জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছে প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন।
এসময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও সাহারবিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোয়াইবুল ইসলাম।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, মাতামুহুরী উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকারি স্থাপনাগুলোর জন্য নির্ধারিত জায়গা যাচাই-বাছাই করা হচ্ছে। সকলের সমন্বয়ে স্বচ্ছতার সাথে কাজ সম্পন্ন করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, নতুন উপজেলার প্রশাসনিক অবকাঠামো দ্রুত বাস্তবায়ন হলে স্থানীয় জনগণ সহজেই সরকারি সেবা পাবে। এ বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, মাতামুহুরীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার পর প্রশাসনিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে অবকাঠামো নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।