
আল নাহিয়ান আবিদ, স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে গ্রামভিত্তিক ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৫০টি পরিবার পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সুবিধার আওতায় আসবে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াটার সাপ্লাই স্কিমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইফতেখারুল আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জমির উদ্দিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, “নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার শত শত পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হবে এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।