মাছ-সবজির বাজারে উত্তাপ, কমেছে বোতলজাত সয়াবিনের সরবরাহ
- আপলোডের সময় : Friday, September 25, 2026,

মাছ-সবজির বাজারে উত্তাপ, কমেছে বোতলজাত সয়াবিনের সরবরাহ
জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে বেশ কিছু সবজি ও মাছের দাম বেড়েছে। কয়েক দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত এবং মাছের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
এর মধ্যেই বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। পাঁচ লিটারের বোতলের সরবরাহও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গত রোববার সরকার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায়। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৬৫ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর পণ্য পরিবহনে ট্রাকের ভাড়াও বেড়েছে। ফলে উৎপাদনস্থল থেকে পাইকারি বাজার এবং সেখান থেকে খুচরা বাজার—প্রতিটি পর্যায়েই পণ্যের দামে বাড়তি চাপ তৈরি হয়েছে।
বাড়ছে সবজির দাম
বাজার ঘুরে দেখা যায়, জ্বালানি তেলের দাম বাড়ার পর বেশ কয়েক ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
সবজির মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। চার দিন আগে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০০ থেকে ১৬০ টাকা পর্যন্ত উঠেছে।
পটোল, কাঁকরোল ও বরবটি আগে ৮০ টাকা কেজিতে পাওয়া গেলেও এখন এসব সবজি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মাছের দামও বেড়েছে
সবজির পাশাপাশি মাছের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
শিং মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে এখন প্রায় ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কই, পাবদা, চিংড়ি, তেলাপিয়া, পাঙাশ ও রুই মাছের দামও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
চড়া আটার-ময়দার দাম, অপরিবর্তিত মুরগি-ডিম
এদিকে গত এক মাসে খোলা আটার দাম কেজিতে ৫ টাকা এবং ময়দার দাম ১০ টাকা বেড়েছে। বর্তমানে খোলা আটা প্রতি কেজি ৫০ টাকা এবং ময়দা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজি এবং ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, প্রায় দেড় মাস ধরে মুরগি ও ডিমের দাম এ পর্যায়েই রয়েছে। এর আগে এসব পণ্যের দাম প্রায় ২০ টাকা কম ছিল।
কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। পাঁচ লিটারের বোতলের সরবরাহও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
চলতি মাসের শুরুতে ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ায়। এরপর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়ায় ২০৪ টাকা।
এর আগে প্রায় দুই মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম ছিল। দাম বাড়ানোর পর কিছুদিন বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও এখন আবার তা কমেছে।
বিক্রেতাদের অভিযোগ, কোম্পানিগুলো বাজারে আগের তুলনায় কম পরিমাণে তেল সরবরাহ করছে। সরবরাহকারীরা (ডিলার) তাদের জানিয়েছেন, কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ানোর পরিকল্পনা করছে।
তবে রাজধানীর সব বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একইভাবে কমেনি বলে জানা গেছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।