
মারুফ জোয়ার্দ্দার, মাগুরা, ১৮ মার্চ, ২০২৬:
“মানবতার সেবায় একসাথে-আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে” স্লোগানকে সামনে রেখে মাগুরার চরচৌগাছি ও ঘষিয়াল গ্রামের জন্য দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন-এর আত্মপ্রকাশ উপলক্ষে এই বিশেষ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পটি ঈদুল ফিতরের পরের দিন চরচৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন।
ক্যাম্পে আগত রোগীদের জন্য ফ্রি সেবার মধ্যে রয়েছে:
রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড প্রেসার পরীক্ষা।
ডায়াবেটিস নির্ণয় ও ওজন পরিমাপ।
বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করবেন দেশের খ্যাতনামা চিকিৎসকরা:
১. ডাঃ মোঃ আব্দুল গফুর – সহযোগী অধ্যাপক, মেডিসিন; বক্ষব্যাধি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
২. অধ্যাপক ডাঃ মাহমুদা কামরুন নাহার – অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
৩. ডাঃ খুশি খাতুন – মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর, মাগুরা।
চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চরচৌগাছি ও ঘষিয়াল গ্রামের সম্মানিত সকল শিক্ষকবৃন্দকে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হবে।
এই উদ্যোগে কাজ করছে:
ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাব (মাগুরা)
ডক্টরস ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার (দারিয়াপুর)
ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি
ক্লাব গড়াই
‘নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করার লক্ষ্য রয়েছে তাদের।