
জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা। তিনি বলেন, মহানন্দা নদীর ওপর ১৯৯৪ সালের ২৩ জুন নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে দীর্ঘদিন ধরে সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, সাধারণ সম্পাদক মো. মেসবাহুল হক এবং চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদসহ অনেকে।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এ সেতু জাতীয় গৌরব ও ইতিহাসের প্রতীক। তাই এ সেতুতে টোল আদায় জনগণের আবেগ ও প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতু টোলমুক্ত থাকলেও চাঁপাইনবাবগঞ্জবাসী এখনও এ সুবিধা থেকে বঞ্চিত।
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়— অবিলম্বে মহানন্দা সেতু টোলমুক্ত ঘোষণা, টোল আদায় বন্ধ করে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
এ সময় ইজারা গ্রহণকারীদের প্রতি আসন্ন দরপত্র না কেনার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দরপত্র বিক্রি না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে সেতু টোলমুক্ত করার কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় জনগণের এই দীর্ঘদিনের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত সেতুটি টোলমুক্ত ঘোষণা করবে।