মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ঘিরে নানা প্রশ্ন
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ঘিরে নানা প্রশ্ন
বাগেরহাট স্টাফ রিপোর্টার: অংকন মজুমদার
মধ্যরাতে ঢাকা-টঙ্গী মহাসড়কে একটি মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে অচেতন অবস্থায় বহনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তরুণীকে কী অবস্থায় বহন করা হচ্ছিল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন। তিনি জানান, উমরাহর সফর শেষে বগুড়ায় ফেরার পথে গাড়ি থেকে ওই দৃশ্য দেখতে পান এবং ছবি তোলেন।
তার পোস্ট অনুযায়ী, রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত তিনি মোটরসাইকেলটি দেখতে পান। এতে একজন তরুণ মোটরসাইকেল চালাচ্ছিলেন, মাঝখানে ছিলেন এক তরুণী এবং পেছনে আরেক তরুণ তাকে ধরে রেখেছিলেন।
মুফতি মনোয়ার হোসেন জানান, তরুণীকে অচেতন অবস্থায় মনে হওয়ায় বিষয়টি নিয়ে তার সন্দেহ হয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন।
এদিকে, পোস্টটির মন্তব্যে কয়েকজন ব্যক্তি তরুণীটির অসুস্থ হয়ে পড়ার বিষয়ে দাবি করেছেন। জারা চৌধুরী রাত্রী নামে একজন দাবি করেন, উত্তরা এলাকার একটি বারে ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরে তাকে হুইলচেয়ারে করে নামানো হয়। তিনি নিজেও সেখানে ছিলেন বলে দাবি করেন।
রাকিব হোসেন নামে আরেক ব্যক্তি মন্তব্য করেন, ভোরের দিকে উত্তরা ফ্লাইওভারে তারও ওই তরুণদের সঙ্গে দেখা হয়েছিল। প্রথমে তারও বিষয়টি সন্দেহজনক মনে হলেও পরে মোটরসাইকেলের পেছনের আলোতে তরুণীকে জীবিত বলেই মনে হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে এসব বক্তব্যের কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তরুণীটির পরিচয়, তার প্রকৃত শারীরিক অবস্থা এবং তাকে কোথা থেকে কোথায় নেওয়া হচ্ছিল—এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও প্রকৃত ঘটনা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।