
মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মাদক মামলার আসামিও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় একাধিক টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন নলুয়া প্রধানিয়া বাড়ী এলাকার একটি বসতঘরের সামনে থেকে আসিফ খান (২০) নামের এক যুবককে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
অপর অভিযানে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ ঢাকিরগাঁও এলাকা থেকে এফআইআরভুক্ত আসামী আরিফ হোসেন (৪৫)-কে গ্রেফতার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া এএসআই মো. অলি উল্লাহ পাটন এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামী নান্নু পাটোয়ারী (৪৮)-কে, এএসআই মো. আব্দুল্লাহ উত্তর বাকরা এলাকা থেকে গিয়াস উদ্দিন (৩৫)-কে এবং এএসআই একেএম মাকসুদুল হক একই এলাকা থেকে মো. গোলাম মোস্তফা (৫৩)-কে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সবাইকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।