মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল, নেই শয্যা-চিকিৎসাসেবা
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল, নেই শয্যা-চিকিৎসাসেবা
স্টাফ রিপোর্টার : মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়াখালীতে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনের কয়েক বছর পেরিয়ে গেলেও হাসপাতালটিতে চালু হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা। প্রয়োজনীয় শয্যা, চিকিৎসা সরঞ্জাম ও জনবলের অভাবে অব্যবহৃত পড়ে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো।
হাসপাতালের বাইরে ঝোপঝাড় ও গবাদিপশুর বিচরণ, আর ভেতরে ধুলাবালির আস্তরণ। ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হলেও সরেজমিনে গিয়ে কোনো শয্যা দেখা যায়নি। চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতিও চোখে পড়েনি। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর হাসপাতাল এলাকায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি হাসপাতালটি উদ্বোধন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্মিত হাসপাতালটি চালু না হওয়ায় প্রত্যাশিত সুবিধা পাচ্ছেন না এলাকাবাসী।
সরেজমিনে হাসপাতাল ভবনের ভেতরে কয়েকটি চেয়ার-টেবিল ছাড়া চিকিৎসাসেবার প্রয়োজনীয় সরঞ্জাম চোখে পড়েনি। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যে একজন নার্স এসে সাধারণ কিছু ওষুধ দেন। তবে নিয়মিত চিকিৎসাসেবা না থাকায় রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৭ কোটি টাকা খরচ করে এত সুন্দর ভবন নির্মাণ করা হয়েছে। অথচ এটি এখন ঝোপঝাড় আর গরু-ছাগলের বিচরণস্থলে পরিণত হয়েছে। চিকিৎসক-কর্মচারী কেউ নিয়মিত থাকেন না। সন্ধ্যার পর মাদকের আড্ডা বসে বলেও শুনি। সরকারি সম্পদের এমন অবস্থা দেখে আমরা হতাশ।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুটি স্টাফ কোয়ার্টারসহ হাসপাতালটির মূল অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। তবে প্রয়োজনীয় জনবল এবং অর্থনৈতিক কোড চালু না হওয়ায় হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। কাগজে-কলমে জুনিয়র কনসালট্যান্টের চারটি পদ, আবাসিক মেডিক্যাল অফিসারের (আরএমও) একটি পদসহ মোট ১৬টি পদ থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসাসেবা চালু করা যাচ্ছে না।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, “অর্থনৈতিক কোড না থাকায় এবং প্রয়োজনীয় জনবল না পাওয়ায় হাসপাতালটির পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা যাচ্ছে না।”
এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, “বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় জনবল বরাদ্দ ও অর্থনৈতিক কোডের অনুমোদন পাওয়া গেলে দ্রুত হাসপাতালটির সেবা চালু করা সম্ভব হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক জটিলতা নিরসনের মাধ্যমে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এতে মঠবাড়িয়ার প্রান্তিক এলাকার মানুষ নিজ এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন এবং সরকারি অর্থে নির্মিত অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।