মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে সম্পর্কের পর বিয়ে না করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে সম্পর্কের পর বিয়ে না করার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার : মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীর (২৫) সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে অস্বীকৃতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মো. জসিম মাতুব্বর উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তরুণীর সাবেক স্বামী প্রবাসে থাকার সময় ইউপি সদস্য জসিম মাতুব্বরের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে জসিম তাকে বিয়ের আশ্বাস দেন এবং আগের স্বামীকে তালাক দেওয়ার পরামর্শ দেন। তার কথায় বিশ্বাস করে প্রায় দুই বছর আগে ওই তরুণী স্বামীকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে জসিমের সঙ্গে তার স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়। এ সময় তাকে ঢাকা ও কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন ওই তরুণী। পরে বিয়ের জন্য একাধিকবার চাপ দিলেও জসিম নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাবার বাড়িতে এসে জসিম আবারও তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের জন্য চাপ দিলে তাকে গালিগালাজ, দুর্ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সম্পর্কের ডিজিটাল প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে দুটি মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগও করেছেন ওই তরুণী।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য মো. জসিম মাতুব্বর। তিনি ঘটনাটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।