মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদলের সাবেক নেতা সোলাইমানের মৃত্যু
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদলের সাবেক নেতা সোলাইমানের মৃত্যু
স্টাফ রিপোর্টার : মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলাইমান হোসেন পিঞ্জু ফরাজি নামে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিজ এলাকায় একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোলাইমান হোসেন দীর্ঘদিন ঢাকায় চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে নিজ বাড়িতে ফিরে এসে জীবিকার জন্য একটি মুরগির খামার পরিচালনা শুরু করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় খামারের পরিচর্যার কাজে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
ঘটনার সময় খামারের আশপাশে কেউ ছিলেন না বলে পরিবারের সদস্যরা জানান। পরে পরিবারের লোকজন খামারে মুরগি দেখতে গেলে বেড়ার পাশে সোলাইমানকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোলাইমান হোসেনকে মৃত ঘোষণা করেন।
সোলাইমান হোসেন পিঞ্জু ফরাজি বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।