মঠবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ-হিন্দু সম্প্রদায়ের মতবিনিময়
- আপলোডের সময় : Friday, October 9, 2026,

মঠবাড়িয়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ-হিন্দু সম্প্রদায়ের মতবিনিময়
স্টাফ রিপোর্টার : মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।
মঠবাড়িয়া থানার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী।
সভায় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন পাইক, উপজেলা মন্দির-মঠ সুরক্ষা কমিটির আহ্বায়ক জীবন কৃষ্ণ সাওজাল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
এ সময় পূজা চলাকালে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
সভায় সংশ্লিষ্টরা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে মঠবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন সম্ভব। এ জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।