
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
দশদিন আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন গার্মেন্টস কর্মী আমজাদ হোসেন দিপু। নববধূর হাতে তখনো শুকায়নি মেহেদির রং। কিন্তু এরই মধ্যে দুটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন তিনি। সুবর্ণচর উপজেলার বাসিন্দা দিপুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমজাদ হোসেন দিপু চর আমান উল্লাহ ইউনিয়নের বাসিন্দা ও মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন।
চরজব্বর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে শ্রীপুর থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দুটি চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি দিপু। প্রথম চিরকুটে তিনি লেখেন, বিদায় নেওয়াটা তার কাছে শান্তির জন্য প্রয়োজন ছিল। দ্বিতীয় চিরকুটে জীবনের প্রাপ্তি নিয়ে হতাশার কথা উল্লেখ করে সবার ভালো থাকার কামনা করেন।
গত ১৩ ফেব্রুয়ারি এলাকার একটি মসজিদে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।