ভারতের সঙ্গে সমঝোতা হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

ভারতের সঙ্গে সমঝোতা হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর
মোঃ রেজাউল করিম
লালমনিরহাট বিশেষ প্রতিনিধি
ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার (৪ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা এ কথা জানান।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি প্রয়োজন। বাংলাদেশের অভ্যন্তরীণ অবকাঠামোগত সংস্কার দ্রুত সম্পন্ন করা সম্ভব হলেও ভারতীয় পক্ষের পারস্পরিক আগ্রহ ও সম্মতি গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
তিনি আরও বলেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু হলে এ অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় মোগলহাট স্থলবন্দর দ্রুত চালুর বিষয়ে আগ্রহী। বন্দর পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল প্রস্তুত রাখতে মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের সঙ্গে দুই দেশের সম্মতির বিষয় জড়িত থাকায় ভারতের সঙ্গে দ্রুত সমঝোতা সম্পন্ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অতীতে মোগলহাট স্থলবন্দর চালু থাকায় ভারতীয় কর্তৃপক্ষও এর গুরুত্ব সম্পর্কে অবগত। তাই প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করে বন্দরটি পুনরায় চালুর বিষয়ে সরকার আশাবাদী।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।