
সাইদুল ইসলাম, বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলা এলাকায় খাবারের মান নিয়ে ভাবির সঙ্গে কথাকাটাকাটির জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামিল আহমদ (২৫) একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও বড় ভাই জাকির আহমদের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হলে জাকির আহমদ স্ত্রীর পক্ষ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে রাগের বশবর্তী হয়ে তিনি কাঠের টুকরো দিয়ে কামিলকে আঘাত করেন।
আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শনিবার সকালে অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে বড় ভাই জাকির আহমদকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।