
বিশেষ প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের খালপাট ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম রাজু (৩৮)। তিনি দিলপাশার গ্রামের মোঃ আবু সাইদ প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শাহাদাত হোসেন (টুকি) মেম্বারের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল রাজুর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
রাজুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।