ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ সোলায়মান গনি
কুড়িগ্রামের উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোচালক নুর আমিন (৫০) নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ছয় চাকার ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালক নুর আমিন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুর আমিনকে মৃত ঘোষণা করেন।
নিহত নুর আমিনের বাড়ি উপজেলার থেতরাই ইউনিয়নের বকসীবাজার গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আহতদের মধ্যে শিউলি বেগম (৩৫), তকি আহমেদ (৫০), রুহুল আমিন (২২) ও নারু বর্মণ (৭০) রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।