ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে তিন দিনের নবজাতক নিখোঁজ, সিসিটিভিতে নারী
- আপলোডের সময় : Sunday, October 11, 2026,

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে তিন দিনের নবজাতক নিখোঁজ, সিসিটিভিতে নারী
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: মোহাম্মদ রাহিম
চার বছরের দীর্ঘ অপেক্ষার পর পরিবারে এসেছিল প্রথম সন্তান। কিন্তু জন্মের মাত্র তিন দিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে নবজাতকটি। এ ঘটনায় এক নারী শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজে ওই নারীকে দেখা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নবজাতককে উদ্ধারে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ নবজাতকের মা মরিয়ম ও বাবা শামীম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের বাসিন্দা। গত ৬ অক্টোবর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর সন্তানকে ঘিরে পরিবারে যে আনন্দের সৃষ্টি হয়েছিল, নবজাতক নিখোঁজ হওয়ার ঘটনায় তা এখন উদ্বেগে পরিণত হয়েছে।
নবজাতকের নানি মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চার বছর পর নাতির মুখ দেখেছি, কিন্তু তাকে ধরে রাখার ভাগ্য হলো না।” নাতিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
ঘটনার পর হাসপাতালজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই নারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।
হাসপাতালের নার্সিং ইনচার্জ খাদিজা আক্তার সুবর্ণা জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন ভূঁইয়া বলেন, নবজাতক নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা জানান, নবজাতককে উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং নবজাতককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
হাসপাতাল থেকে মাত্র তিন দিনের নবজাতক নিখোঁজ হওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা ও নবজাতকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
চার বছরের প্রতীক্ষার পর পাওয়া সন্তানকে ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছেন মা-বাবা ও পরিবারের সদস্যরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত নবজাতককে উদ্ধার করে নিরাপদে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হবে।
আমার সকাল ২৪



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।