ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া, মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেশন রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন: আব্দুল কাইয়ুম চৌধরী (৩৮), রাজু মিয়া (২৩), ইতিহাস মিয়া (২২), ইয়াছিন মিয়া (২২), আকাশ মিয়া (২৫) এবং নাহিদ হাসান ওরফে শাওন (২০)। তাদের মধ্যে প্রথম পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল এলাকার এবং নাহিদ হাসান বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, তারা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে স্টেশন রোড এলাকায় অবস্থান করছিল। অভিযান চলাকালীন কয়েকজন একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে তল্লাশি করে বস্তার মধ্যে দুটি রামদা, চারটি ছুরি ও একটি এসএস পাইপের লাঠি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে মহাসড়ক ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহন ছিনতাই এবং বিভিন্ন বাসাবাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।













