
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক আশিকুর রহমান (৫০) নিহত হয়েছেন। ঘটনা ঘটে মঙ্গলবার রাতের দিকে সদর উপজেলার মালিহাতা এলাকায়। নিহত আশিকুর রহমান পশ্চিম মালিহাতা এলাকার ইরা মিয়ার ছেলে।
সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাতে যাত্রীবিহীন সিএনজি অটোরিক্সা নিয়ে আশিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় মালিহাতা নামক স্থানে জেলার আশুগঞ্জ উপজেলা মুখি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের ফলে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আশিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদন অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।