
ব্রাজিল হেরে যাওয়ায় সমর্থকরা হতাশ, বিশ্বকাপ ঘিরে সহিংসতা না করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর
বিশ্বকাপে নিজেদের দল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশা রয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে—এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “খেলা একটি আনন্দদায়ক বিষয়। এটি নিয়ে উন্মাদনা ও উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলছে। ব্রাজিল সমর্থকরা হতাশ, তাদের দল হেরে গেছে। তবে এ বিষয়কে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা বা প্রাণহানির ঘটনা না ঘটে।”
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। তার কাছে থাকা তথ্য অনুযায়ী, এসব ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানান।