বোচাগঞ্জে ২১ পুরিয়া গাঁজাসহ আটক ১, মাদক সেবনের দায়ে আরেকজনের ৬ মাসের কারাদণ্ড
- আপলোডের সময় : Tuesday, October 13, 2026,

বোচাগঞ্জে ২১ পুরিয়া গাঁজাসহ আটক ১, মাদক সেবনের দায়ে আরেকজনের ৬ মাসের কারাদণ্ড
সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ পুরিয়া গাঁজাসহ আশরাফুল আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই দিন মাদক সেবনের দায়ে ফিরোজ কবির নামে আরেক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সেতাবগঞ্জ পৌরসভার ধনতলা গ্রামের মৃত ফজলুল ইসলামের ছেলে আশরাফুল আলম দীর্ঘদিন ধরে উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের পাঁচপুকুর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিবের নির্দেশে উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আশরাফুল আলমের খড়ির ঘরে অভিযান চালান। এ সময় ২১ পুরিয়া গাঁজাসহ তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত ইসলাম হোসেনের ছেলে ফিরোজ কবিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে তাঁকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ফিরোজ কবিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।