
মনজুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রে পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের শরীরে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যায়।
চালা মুকন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা জানিয়েছেন, ভোট কেন্দ্রে কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে ১০০% সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ ফরিদ উদ্দিন জানান, ২৫টি বডি-ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে পুলিশের কর্মকর্তা ও ক্যামেরাগুলো পরীক্ষা করা হয়েছে এবং লাইভ ভিডিও পর্যবেক্ষণের মাধ্যমে নির্বাচনী পরিস্থিতি মনিটর করা হচ্ছে।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, ভোট কেন্দ্রগুলোতে ৮–১৪ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনী, সেনা, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাব মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রের রাস্তাঘাট মেরামত ও আলোকসজ্জা করা হয়েছে।
বেলকুচি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,০৩,২২৮ জন, যার মধ্যে পুরুষ ১,৫৫,৮১৩, মহিলা ১,৪৭,৪১৪ এবং হিজরা ভোটার ১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি, বুথ সংখ্যা ৫৮০, প্রিজাইডিং অফিসার ৮৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫৮০ জন এবং পোলিং অফিসার ১১৬০ জন দায়িত্ব পালন করবেন।